বালাসী ঘাট ( Balashi Ghat ) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর এবং দর্শনীয় স্থান। গাইবান্ধা শহর থেকে বালাসী ঘাটের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। বর্ষায় নদী পানিতে ভরে থাকলেও শীতকালে এখানে বালুর চর ভেসে উঠে। বর্তমানে বালাসী ঘাটের চমৎকার প্রাকৃতিক পরিবেশের জন্য প্রায় প্রতিদিনই ভ্রমণপিয়াসু মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠছে। নদীর উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর নৈসর্গিক প্রকৃতি আগত দর্শনার্থীদের মনকে প্রফুল্ল করে তোলে। এছাড়া বালাসী ঘাটে ঘোড়ায় চড়া, নৌকা ভ্রমণ কিংবা রেলওয়ের ফেরি থেকে নদীর বুকে সূর্যাস্থের অপূর্ব দৃশ্যও উপভোগ করা যায়।
আর সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে, এক সময় এই বালাসী ঘাট দিয়ে বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরি চলাচল করতো। পুরো একটি ট্রেন নদী পার হত বিশ্বের অন্যতম এই রেল ফেরিতে! রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ১৯৩৮ সালে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাটে রেল ফেরি সার্ভিস চালু করা হয়। তৎকালীন ইংরেজরা গাইবান্ধা জেলাকে ফুলছড়ি ঘাটের নামে জানতো। ১৯৯০ সালের পর যমুনা নদীর নাব্যতা কম যাওয়ায় ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে সরিয়ে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বালাসী নামক জায়গায় স্থানান্তর করা হয়। আর তখন থেকেই ঘাটটি বালাসী ঘাট নামে পরিচিত হয়ে উঠে। রেলওয়ে ফেরির ১৩ টি লাইনে ৩টি করে ছোট বগি বা ওয়াগন ধরে।
কিভাবে যাবেন
গাইবান্ধা সদর থেকে রিকশা, অটো রিকশা কিংবা সিএনজিতে চড়ে পুরাতন বাজার হয়ে বালাসী ঘাট আসতে পারবেন। আর বালাসী ঘাট থেকে রেলওয়ে ফেরি যেতে ট্রলারে চড়তে হবে। অথবা গাইবান্ধা জেলা সদর থেকে কেতকী বা উড়িয়ার ঘাট এসে সেখান থেকে পায়ে হেঁটে অল্প দূরত্বে অবস্থিত রেলওয়ে ফেরি দেখতে যেতে পারবেন।
ঢাকা থেকে গাইবান্ধা রাজধানী ঢাকার বিভিন্ন স্থান হতে এসি/নন-এসি বেশকিছু বাস গাইবান্ধার পথে চলাচল করে। এদের মধ্যে শ্যামলী পরিবহন, আল হামরা পরিবহন, এস আর ট্রাভেলস প্রাঃ লিঃ এবং অরিন ট্রাভেলস উল্লেখযোগ্য। বাসের ধরণ ও সেবার মান অনুযায়ী জনপ্রতি ভাড়া ৬৫০ টাকা থেকে ১১০০ টাকা।
এছাড়া ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে করে গাইবান্ধা যাওয়া যায়। ট্রেনে আসনভেদে ভাড়া লাগবে ৫৫০ থেকে ১৮৮৬ টাকা।
কোথায় থাকবেন
গাইবান্ধায় রাত যাপনের জন্যে আছে গাইবান্ধা সার্কিট হাউজ, এসকেএস ইন হোটেল ও গণ উন্নয়ন কেন্দ্র। এদের মধ্যে কলেজ রোডে অবস্থিত এসকেএস ইন সবচেয়ে ভালো। রুমের সুযোগ সুবিধা অনুযায়ী ভাড়া ৩৫০০ টাকা থেকে ৫০০০ টাকা।