পার্বত্য জেলা চট্টগ্রামের জিরো পয়েন্ট থেকে মাত্র ১ কিলোমিটার দূরে টাইগারপাস এলাকায় অবস্থিত শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম বাটালি হিল (Batali Hill)। বাটালি হিলের রাস্তা প্যাঁচালো হবার কারণে এটি জিলাপি পাহাড় নামেও পরিচিত। পাহাড়ের সর্বোচ্চ চূড়ার নাম শতায়ু অঙ্গন। ২৮০ ফুট উচ্চতার বাটালি হিলের চূড়া থেকে চট্টগ্রাম শহর এবং বঙ্গোপসাগর দেখা যায়। পাহাড়ের উপর থেকে বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার পাশাপাশি বিশ্রাম নেওয়ার সুব্যবস্থা রয়েছে। পর্যটকদের সুবিধার্থে বর্তমানে পাহাড়ের চূড়া ও সংলগ্ন এলাকায় উন্নত ওয়াকিং ট্রেইল ও বসার স্থান তৈরি করা হয়েছে।
একসময় বাটালি হিলের উপর বাতিঘর এবং বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাটালী পাহাড়ে জলপাই, কাঁঠাল, কালোজাম, লিচু, কমলা, আম, জাফরান, চন্দন, কফি, অর্জুনের মতো বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ১২ হাজার গাছ রোপণ করা হয়েছে। বর্তমানে এই পাহাড় বাংলাদেশ গণপূর্ত বিভাগের অন্তর্ভুক্ত হওয়ায় পাহাড়ের চূড়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বাংলো রয়েছে। পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে নিয়মিত আনসার ও পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাহাড়-পর্বতের প্রতি দুর্নিবার আকর্ষণের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এডভেঞ্চারপ্রেমীরা চট্টগ্রামের বাটালি হিলের সৌন্দর্যে মুগ্ধ হতে ছুটে আসেন।
কিভাবে যাবেন
রাজধানীর গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী বাস টার্মিনাল থেকে চট্টগ্রামে যাওয়ার হানিফ, এস আলম, ইউনিক, শ্যামলী, সেন্টমার্টিন, টিআর ট্রাভেলস ইত্যাদি বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। রেলপথে, কমলাপুর রেলওয়ে ষ্টেশন বা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ন এক্সপ্রেস, মহানগর প্রভাতি বা সোনার বাংলা এক্সপ্রেসের মতো আন্তঃনগর ট্রেনে চট্টগ্রাম যেতে পারবেন। ট্রেনে শ্রেনীভেদে ভাড়া লাগবে ৩৪০ থেকে ১৩৯৮ টাকা। এছাড়া আরো কম সময়ে চট্টগ্রাম যেতে চাইলে আকাশপথকে বেছে নিতে পারেন। চট্টগ্রাম শহরের যেকোন স্থান থেকে বাস, অটোরিকশা বা সিএনজির মতো স্থানীয় পরিবহণে ইস্পাহানী মোড় সংলগ্ন বাটালি হিল যেতে পারবেন।
কোথায় থাকবেন
চট্টগ্রামের আগ্রাবাদ, জিইসি মোড় ও লালখান বাজার এলাকায় হোটেল রেডিসন ব্লু বে ভিউ, হোটেল পেনিনসুলা, হোটেল প্যারামাউন্ট, হোটেল হিল টন সিটি, হোটেল সাফিনা এবং এশিয়ান এসআর হোটেলসহ বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে।
কোথায় খাবেন
চট্টগ্রাম শহরে বাংলা, চাইনিজ, কন্টিনেন্টাল ও ফাস্টফুডসহ বিভিন্ন দেশি-বিদেশি খাবারের অসংখ্য রেস্টুরেন্ট আছে। মেজবান হাইলে আইয়ুন ও হোটেল জামান এর মতো রেস্তোরাঁয় চট্টগ্রামের জনপ্রিয় ঐতিহ্যবাহী মেজবান এবং গরুর কালাভুনা পাওয়া যায়। এছাড়া স্ট্রিট ফুডের জন্য সিআরবি বা চেরাগী পাহাড় এলাকা বেশ জনপ্রিয়।
চট্টগ্রামের অন্যান্য দর্শনীয় স্থান
চট্টগ্রামে ওয়ার সিমেট্রি, ফয়েজ লেক, পতেঙ্গা সমুদ্র সৈকত , মহামায়া লেক , গুলিয়াখালী সমুদ্র সৈকত, জাম্বুরি পার্ক, নেভাল বিচ এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে।