চিত্রা রিসোর্ট (Chitra Resort) নড়াইল জেলার চিত্রা নদী তীরে শহরের কোলাহল মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে। সৌন্দর্য এবং বৈশিষ্টের স্বকীয়তার জন্য এই পার্কটিতে প্রতিদিন শত শত বিনোদনপ্রেমী দর্শনার্থীদের সমাগম ঘটে।
প্রায় সাত বিঘা জমির উপর নির্মিত চিত্রা রিসোর্টে রয়েছে বিভিন্ন আকর্ষনীয় রাইড, পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পীদের ছবির গ্যালারী, শিশুপার্ক, ক্যাফে, সেমিনার হল, কটেজ, বনভোজন এবং বারবিকিউ-এর ব্যবস্থা। অন্যান্য বিনোদন আয়োজনের মধ্যে বিলিয়ার্ড, বাস্কেট বল, বোট রাইডিং, দোলনা, মিনি ট্রেন উল্লেখযোগ্য। এছাড়া এখানে আগত দর্শনার্থীরা চাইলে চিত্রা নদীতে নৌ-ভ্রমণ করতে পারেন।
চিত্রা রিসোর্টে প্রবেশের জন্য জনপ্রতি ৫০ টাকা প্রবেশ ফি প্রদান করতে হয়। চিত্রা রিসোর্ট প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
চিত্রা রিসোর্টে যোগাযোগ
চিত্রা রিসোর্ট, (শেখ রাসেল সেতুর কাছে), নড়াইল মোবাইলঃ 01798-742234, 01978-573573 ঢাকা অফিস ১৪৬/২ নিউ বেইলি রোড, ঢাকা মোবাইলঃ 01798-742234, 01973-063610 ইমেইলঃ chitraresort@gmail.com Website | Facebook
নড়াইল কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে নড়াইলের দূরত্ব ১৫২ কিলোমিটার। ঢাকার গাবতলী থেকে হানিফ এন্টারপ্রাইজ, ঈগল পরিবহন, সাদ সুপার, ডিলাক্স পরিবহন ইত্যাদি বাস নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসের জনপ্রতি ভাড়া ৫৫০ থেকে ১২০০ টাকা। এছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খুলনাগামী রূপসী বাংলা এক্সপ্রেস অথবা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে করে নড়াইল যেতে পারবেন। ট্রেনে যেতে আসনভেদে ভাড়া লাগবে ৩৭০ টাকা থেকে ৮৫১ টাকা। নড়াইল জেলা শহর থেকে রিকশা বা অটোরিকশা ভাড়া করে চিত্রা রিসোর্টে যাওয়া যায়।
নড়াইলে কোথায় থাকবেন
চিত্রা রিসোর্টের বিভিন্ন কটেজে রাত্রিযাপনের সুযোগ রয়েছে। এক রাতের জন্য নন-এসি রুমের রেগুলার ভাড়া ১৫০০ টাকা এবং এসি রুমের ভাড়া ২০০০ টাকা। এখানে বিভিন্ন উপলক্ষ্যে ছাড়ের ব্যবস্থা থাকে।
এছাড়া নড়াইল (Narail) সদরে রাতে থাকতে চাইলে মডার্ন আবাসিক হোটেল ( 01917-835028 ), সম্রাট আবাসিক হোটেল এবং সার্কিট হাউজ ( 0481-62268 )-এ যোগাযোগ করতে পারেন।
নড়াইলে কোথায় খাবেন
চিত্রা রিসোর্টে অবস্থিত গ্রাউন্ডস ক্যাফেতে আপনার পছন্দের বিভিন্ন দেশের খাবার খেতে পারবেন। এছাড়া নড়াইলের বিভিন্ন মানের খাবার রেস্টুরেন্টগুলো আপনার খাবারের চাহিদা সহজেই পুরণ করতে পারবে।