ধনিয়াচক মসজিদ (Dhania Chalk Mosque) বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি ১৫ শতকের শেষের দিকে ইলিয়াস শাহী আমলে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। মসজিদটি ইট ও টেরাকোটায় নির্মিত এবং মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যশৈলীর একটি চমৎকার নিদর্শন। একসঙ্গে এই মসজিদে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
মসজিদটির নামকরণ সম্পর্কে স্থানীয়দের ধারণা এমন যে, এক সময় এই এলাকায় সুতা বা তুলার ব্যবসায়ীরা বাস করতেন, যাদের ‘ধুনি’ বলা হতো। এই ‘ধুনি’ শব্দ থেকেই ‘ধুনিচক’ বা ‘ধনিয়াচক’ নামটি এসেছে বলে মনে করা হয়।
স্থাপত্য বৈশিষ্ট্য
মসজিদটিতে মোট ৬টি গম্বুজ রয়েছে। পূর্ব দিকে ৩টি প্রবেশপথ রয়েছে, যার মধ্যে মাঝেরটি সবচেয়ে বড়। উত্তর ও দক্ষিণ পাশে আরও ২টি করে মোট ৪টি দরজা রয়েছে, যদিও সেগুলো বর্তমানে বন্ধ। চার কোণে অষ্টকোণাকৃতির মিনার বা টারেট রয়েছে।
এই মসজিদটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এর স্থাপত্যশৈলী ও ইতিহাসের কারণে এটি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল।
কিভাবে যাবেন
ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন ভাবে যেতে পারবেন। ঢাকা থেকে বাসে চাঁপাইনবাবগঞ্জ যেতে চাইলে রাজশাহী হয়ে কিংবা সরাসরি বাসে চাঁপাইনবাবগঞ্জ যাওয়া যায়। তবে ঢাকা থেকে ট্রেন কিংবা বিমানে করে যেতে চাইলে আপনাকে আগে রাজশাহী এসে তারপর চাঁপাইনবাবগঞ্জ যেতে হবে। মডার্ন, হানিফ এবং শ্যামলী পরিবহনের বাসে রাজশাহী হয়ে সহজে চাঁপাইনবাবগঞ্জ যাওয়া যায়।
মসজিদটি ছোট সোনা মসজিদ স্থলবন্দর এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে এবং মূল সড়ক থেকে কিছুটা ভিতরে অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। সোনামসজিদ থেকে স্থলবন্দর যাওয়ার পথে বালিয়াদিঘির দক্ষিণ-পূর্ব পাশ দিয়ে একটি রাস্তা মসজিদটির দিকে যায়। বৃষ্টি না থাকলে স্থানীয় ভ্যান নিয়ে মসজিদে যাওয়া যায়।
কোথায় থাকবেন
চাঁপাইনবাবগঞ্জে শহরে রাতে থাকার জন্য বেশকিছু হোটেল আছে। শহরেই আছে থ্রি স্টার মানের স্কাই ভিউ ইন। এছাড়া কম খরচে থাকার জন্যে উল্লেখযোগ্য হোটেলের মধ্যে রয়েছে হোটেল রোজ, লাল বোডিং, হোটেল আল নাহিদ, হোটেল স্বপ্নপুরী, নবাবগঞ্জ বোডিং, হোটেল রংধনু ইত্যাদি।
কোথায় খাবেন
ছোট সোনা মসজিদের আশেপাশে খাবারের তেমন কোন ব্যবস্থা নেই। তবে চাপাইনবাবগঞ্জে খাবারের জন্য বিভিন্ন মানের হোটেল/রেস্টুরেন্ট পাবেন। তবে শিবগঞ্জের আদি চমচম খেতে ভুলবেন করবেন না।