দিয়াবাড়ি (Diabari) রাজধানী ঢাকার উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত একটি সুপরিচিত ও জনপ্রিয় প্রাকৃতিক বিনোদন কেন্দ্রের নাম। নদীর পরশমাখা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এক অপার্থিব শুভ্রতায় মনকে ভরিয়ে দিতে দিয়াবাড়ির জুড়ি নেই। আর শরৎকালে রাজধানী ঢাকায় কাশবনের মুগ্ধতায় বুঁদ হতে চাইলে দ্বিধাহীন চিত্তে চলে আসুন এখানে। দৃষ্টিজুড়ে কাশফুলের কোমল শুভ্রতা আর দিগন্তে ঝুলে থাকা শেষ বিকেলের সূর্য্য ভুলিয়ে দেবে নাগরিক জীবনের কর্ম ব্যস্ততার সকল অবসাদ। ঢাকার ভেতরে কোলাহলমুক্ত পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য এটি অন্যতম আদর্শ জায়গা।
বিশাল বটগাছ দিয়াবাড়ির সৌন্দর্যে যোগ করেছে এক ভিন্নমাত্রা। হরহামেশাই দর্শনীয় এই বটবৃক্ষের ছায়ায় নাটকের দৃশ্য চিত্রায়িত হচ্ছে। দুপাশে রাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকা বটগাছের ছায়াময় এই জায়গাটি এখন ‘দিয়াবাড়ি বটতলা’ নামে পরিচিটি লাভ করেছে। ভাগ্যে থাকলে পছন্দের কোন তারকার অটোগ্রাফ নেয়ার সুযোগও পেয়ে যেতে পারেন এই দিয়াবাড়িতে! বর্তমানে এই বটতলার আশেপাশে অনেক রকমের স্ট্রিট ফুড ও চটপটি-ফুচকার দোকান বসে, যা বিকেল বেলা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে।
সবুজে মোড়া দিয়াবাড়ির কাছে আছে তুরাগ নদী হতে সৃষ্টি হওয়া একটি শাখা নদী। বর্তমানে মৃত এই শাখা নদীকে রাজউক কর্তৃক সংস্কার করে একটি সুপরিসর ও দৃষ্টিনন্দন লেকের রূপ দেয়া হয়েছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য লেকের পাড় বাধিয়ে এবং এর ওপর নান্দনিক সেতু নির্মাণ করা হয়েছে। প্রিয়মানুষকে নিয়ে লেকের জলে প্যাডেল বোটে (নৌকায়) ভেসে, প্রাণবন্ত আড্ডা-গানে মুখর হয়ে কিংবা লেকের পাড়ে বসে চমৎকার সময় কাটিয়ে জীবন খাতায় জমিয়ে নিতে পারেন দারুণ কিছু মুহুর্ত।
কিভাবে যাবেন
দিয়াবাড়ি যাওয়ার সবচেয়ে সহজ, আধুনিক ও যানজটমুক্ত মাধ্যম হলো মেট্রোরেল (Metro Rail)। ঢাকার যেকোনো প্রান্ত (যেমন: মতিঝিল, সচিবালয়, ফার্মগেট, মিরপুর) থেকে মেট্রোরেলে চড়ে সরাসরি চলে আসতে পারেন সর্বশেষ স্টেশন ‘উত্তরা উত্তর’ (Uttara North)-এ। স্টেশন থেকে বের হলেই দিয়াবাড়ি বটতলা বা লেক পাড়ে যাওয়ার জন্য পর্যাপ্ত রিকশা, ইজি বাইক ও শেয়ারিং লেগুনা পেয়ে যাবেন।
এছাড়া বাসে করে আসতে চাইলে ঢাকার যেকোন প্রান্ত হতে উত্তরা রুটে চলাচলকারী বাসে উত্তরা হাউজ বিল্ডিং চলে আসুন। হাউজ বিল্ডিংয়ের অবস্থিত নর্থ টাওয়ার বা মাসকট প্লাজার সামনে দিয়াবাড়ি যাওয়ার রিক্সা ও লেগুনা পাওয়া যায়। লেগুনায় দিয়ে সরাসরি দিয়াবাড়ি বটতলায় আসা যায়। অথবা উত্তরা ৯ বা ১১ নম্বর সেক্টর হয়েও ইজি বাইক বা রিকশাযোগে সরাসরি দিয়াবাড়ির মূল পয়েন্টগুলোতে পৌঁছানো সম্ভব।