ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট (Double Hand View Point) বান্দরবান জেলার বান্দরবান-থানচি রোডে নীলগিরির কাছেই অবস্থিত একটি ভিউ পয়েন্ট। পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবুজে মোড়া প্রকৃতি আর মেঘের খেলা মিলিয়ে বান্দরবানের প্রতিটি ভিউ পয়েন্ট ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা। এর মধ্যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট একটি জনপ্রিয় গন্তব্য।
ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়বে পাহাড়ের বুকে দাঁড়ানো চমৎকার একটি স্থাপনা, যা দুই হাত প্রসারিত ভঙ্গিতে তৈরি করা হয়েছে। তাই এর নামকরণ করা হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ইট-সিমেন্ট এর তৈরি এই স্থাপনাটি থেকে পাহাড়ি দৃশ্য উপভোগের জন্য অসাধারণ এক স্পট।
এখান থেকে চারপাশের পাহাড়, ঘন সবুজ বন আর মাঝে মাঝে ভেসে আসা সাদা মেঘের দৃশ্য দেখা যায়। সকাল কিংবা বিকেলের আলো এই ভিউ পয়েন্টকে আরও রঙিন করে তোলে। সকালে গেলে মেঘের সমুদ্রের ভেতর দাঁড়িয়ে থাকার অনুভূতি পাওয়া যায়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় পাহাড়ি দৃশ্য খুব সুন্দর ভাবে দেখা যায়।
কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে সরাসরি বান্দরবান যাওয়ার এসি-নন এসি বাস পাওয়া যায় ভাড়া লাগবে ৮০০ থেকে ১৮০০ টাকা। এছাড়া চট্টগ্রাম এসে, নতুন ব্রিজ থেকে বাসে বান্দরবান যেতে পারবেন। কিংবা কক্সবাজার গামী বাসে কেরানীহাট নেমে বান্দরবান যাওয়া যায়।
বান্দরবান সদর থেকে জীপ, চান্দের গাড়ি অথবা সিএনজি ভাড়া করে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যেতে পারবেন। সাধাণত বান্দরবান শহরের কাছে আরও কিছু স্পট যেমন চিম্বুক , নিলগিড়ি , টাইটানিক ভিউ পয়েন্ট ইত্যাদি সহ একসাথে ঘুরে দেখার জন্যে সবাই গাড়ি ভাড়া করে থাকেন। এই সব গুলো জায়গা বান্দরবান-থানচি রোডে অবস্থিত। তাই ট্যুর পরিকল্পনা করার সময় সব গুলো জায়গা ঘুরে দেখার পরিকল্পনা করে নিতে পারেন। বিস্তারিত জানতে পড়ুন আমাদের বান্দরবান ট্যুর প্ল্যান গাইড।
কোথায় থাকবেন
বেশীরভাগ পর্যটক বান্দরবান থেকে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ও আশেপাশের পর্যটন স্পট দেখে ঐ দিনেই বান্দরবান ফিরে আসেন। তবে যদি ঐদিক থাকতেই চান, তবে নিলগিরিতে থাকতে পারবেন। আর বান্দরবান শহরে থাকার জন্যে বেশ কিছু হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। বিস্তারি পড়ুন বান্দরবানের সেরা হোটেল ও রিসোর্ট গাইড আর্টিকেলে।
কোথায় খাবেন
ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এর সামনে আদিবাসীদের ছোট দোকান আছে। পাহাড়ি ফলমূল সহ সেখানে চা নাস্তা করা যায়। প্রয়োজনে যাওয়ার সময় সাথে হালকা খাবার নিয়ে যেতে পারেন। বান্দরবান-থানচি রোডে চিম্বুকে কিংবা নিলগিরিতে খাবারের সুযোগ আছে। তা না হলে বান্দরবান শহরে ফিরে পছন্দমত রেস্টুরেন্ট এ খাবার খেতে পারেন।
ভ্রমণ টিপস
শুধু ডাবল হ্যান্ড ভিউ দেখার জন্যে না গিয়ে, এই রোডের অন্যান্য স্থান ভ্রমণ সহ প্ল্যান করা উচিত।
খুব সকালে গেলে সুন্দর মেঘ দেখার সম্ভবনা সবচেয়ে বেশি।
আপনার পরিকল্পনায় নীলগিরি থাকলে, আগে নীলগিরি ঘুরে ফেরার পথে এই পয়েন্ট দেখতে পারেন।