নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত গ্রীন ভ্যালী পার্ক (Green Valley Park) উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। প্রায় ১২৩ বিঘা জায়গার ওপর নির্মিত এই পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের চিত্তবিনোদনের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। আকর্ষণীয় রাইডের মধ্যে রয়েছে মিনি ট্রেন, নাইন ডি মুভি, বুলেট ট্রেন, রোলার কোস্টার, বাম্পার কার, ভূতের বাড়ি, নাগরদোলা, ম্যারিগো রাউন্ড, পাইরেট শীপ, হানি সুইং, স্পীডবোট এবং প্যাডেল বোটসহ বর্তমানে ২০টিরও বেশি রাইড। পার্কের অন্যতম প্রধান আকর্ষণ এর বিশাল ওয়াটার পার্ক ও ওয়েভ পুল।
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মনোরম পরিবেশের এই পার্কে প্রায় ৫ একর জায়গাজুড়ে একটি নয়নাভিরাম লেক রয়েছে। লেকের চারপাশ নানা জাতের দেশি-বিদেশি ফুল ও শোভাবর্ধক গাছ দিয়ে সাজানো, যা দর্শনার্থীদের এক স্নিগ্ধ অনুভূতি দেয়।
গ্রীন ভ্যালী পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে শ্যুটিং স্পট, পিকনিক স্পট, এ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট এন্ড প্লে গ্রাউন্ড। আছে সার্বক্ষনিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা, নামাজের স্থান, ডেকোরেটর, কার পার্কিং, ক্যাফেটেরিয়া, শপ, সভা-সেমিনারের স্থান এবং থাকার জন্যে আবাসিক ব্যবস্থা।
প্রবেশ
টিকেটের মূল্য ও সময়সূচী
গ্রীন ভ্যালী পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ৬০ টাকা। পার্কটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকে। সাপ্তাহিক কোন বন্ধের দিন নেই।
রাইড ফি
ওয়াটার পার্ক টিকেট – ২৫০ টাকা (১২টা থেকে ৪টা) ওয়েবপুল লকার ফি – ৫০ টাকা সুইমিং পুল এ প্রবেশ মূল্য – ১৫০ টাকা গ্রীন ভ্যালী পার্কে সর্বমোট ২০ টি রাইড রয়েছে, প্রতিটি রাইডের টিকেট ৩০-৮০ টাকা। গাড়ি পার্কিং ফি – ১০ থেকে ৩০০ টাকা।
একসাথে এন্ট্রি টিকেট, কয়েক ধরণের রাইড এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ বেশ কিছু প্যাকেজ পাওয়া যায়।
(কোন প্রকার খাবার সাথে নিয়ে যাওয়া যায় না)
যোগাযোগ
লালপুর, নাটোর পার্ক অফিস: 01712-151388, 01792-900994, 01712-040573 ই-মেইলঃ greenvalleyparkltd@gmail.com Facebook Page
কিভাবে
যাবেন
রাজধানী ঢাকা থেকে ঈশ্বরদী বা বাঘা রুটে চলাচলকারী বাসে সরাসরি লালপুর আসা যায়। এছাড়া রাজশাহী থেকে চারঘাট-বাঘা রুটের বাসে বাঘা হয়ে সিএনজিযোগে লালপুর পৌঁছানো সম্ভব। নাটোর বাইপাস, বনপাড়া বা ঈশ্বরদী থেকেও নিয়মিত বাস ও সিএনজি চলাচল করে।
ট্রেনে আসতে চাইলে ঢাকা থেকে ধূমকেতু এক্সক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস অথবা পদ্মা এক্সপ্রেস ট্রেনে আব্দুলপুর জংশন নেমে সিএনজি বা অটোরিকশা যোগে সহজেই পার্কে পৌঁছানো যায়।
কোথায়
থাকবেন
নাটোরে থাকার জন্য বেশ কিছু ভালো মানের হোটেল রয়েছে। হোটেল ভি.আই.পি ও হোটেল রুখসানার বর্তমান রুম ভাড়া (নন-এসি ও এসি ভেদে) ৮০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে। এছাড়া সরকারি ব্যবস্থাপনায় সার্কিট হাউস নাটোর বা নাটোর সদর ডাক বাংলোতে অনুমতি সাপেক্ষে থাকা যায়। শহরের অন্যান্য হোটেলের মধ্যে হোটেল প্রিন্স ও হোটেল রাজ উল্লেখযোগ্য।
কোথায়
খাবেন
পার্কের ভেতরে নিজস্ব ক্যাফেটেরিয়া রয়েছে যেখানে ফাস্ট ফুড, খিচুড়ি, বিরিয়ানি এবং বিভিন্ন সেট মেন্যু পাওয়া যায়। এছাড়া নাটোর শহরের ইসলামিয়া পঁচুর হোটেল ও রেল স্টেশনের কাছে নয়ন হোটেলের খাবারের মান এখনো পর্যটকদের কাছে জনপ্রিয়। নাটোর ভ্রমণে বিখ্যাত কাঁচাগোল্লার স্বাদ নিতে ভুলবেন না এবং ফেরার পথে শহরের মৌচাক বা কুণ্ডু মিষ্টান্ন ভাণ্ডার থেকে এটি সংগ্রহ করতে পারেন।