চট্টগ্রাম শহর থেকে ১৬ কিলোমিটার দূরে হালিশহর সমুদ্র সৈকতের কাছেই গানার্স ট্রেনিং এরিয়া (Gunners Training Area) বা আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল (AC&S) এর অবস্থান। একজন নবীন গোলন্দাজ বা ‘গানার’ থেকে শুরু করে চৌকস অফিসার পর্যন্ত প্রত্যেকের পেশাগত ও মানসিক দক্ষতা বৃদ্ধির মূল কারিগর এই প্রতিষ্ঠান। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ক্যান্টনমেন্ট এলাকাটি একইসাথে কঠোর প্রশিক্ষণ এবং নান্দনিক পরিবেশের এক দারুণ সমন্বয়। নগর জীবনের ক্লান্তি থেকে মুক্তির জন্য সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এই গানার্স ট্রেনিং এরিয়া হতে পারে অন্যতম গন্তব্য। এটি সেনাবাহিনীর প্রশিক্ষন কেন্দ্র হলেও বর্তমানে পর্যটক আকর্ষণের শীর্ষে রয়েছে। গানার্স ট্রেনিং এরিয়াতে আপনি দেখতে পাবেন সাগর ও দিগন্ত জোড়া বিস্তৃত সবুজ মাঠ। সাগরের জল ছুয়ে আসা ঠাণ্ডা শীতল বাতাস আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে।
গানার্স ট্রেনিং এরিয়াতে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে দৃষ্টি নন্দন টেবিল, বাচ্চাদের খেলার জন্য আউটডোর জাম্পিং বেড, হালকা খাবারের জন্য ছোট দোকান, সুবিশাল লেক, নামাজ আদায়ের জায়গা ও পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে।
কিভাবে যাবেন
রাজধানীর গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী বাস টার্মিনাল থেকে চট্টগ্রামে যাওয়ার হানিফ, এস আলম, ইউনিক, শ্যামলী, সেন্টমার্টিন, টিআর ট্রাভেলস ইত্যাদি বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। রেলপথে, কমলাপুর রেলওয়ে ষ্টেশন বা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস , কক্সবাজার এক্সপ্রেস , সুবর্ন এক্সপ্রেস, মহানগর প্রভাতি বা সোনার বাংলা এক্সপ্রেসের মতো আন্তঃনগর ট্রেনে চট্টগ্রাম যেতে পারবেন। ট্রেনে শ্রেনীভেদে ভাড়া লাগবে ৩৪০ থেকে ১৩৯৮ টাকা। এছাড়া আরো কম সময়ে চট্টগ্রাম যেতে চাইলে আকাশপথকে বেছে নিতে পারেন।
চট্টগ্রামের পোর্ট লিঙ্ক রোড হয়ে শহরের যেকোন প্রান্ত থেকে সহজেই চট্টগ্রাম গানার্স ট্রেনিং এরিয়াতে চলে আসতে পারবেন। আবার চট্টগ্রামের চক বাজার থেকে সিএনজি করে বরপুল যেতে হবে ভাড়া লাগবে ৩০ টাকা, এরপর বরপুল থেকে অটো রিক্সায় ৫০-৭০ টাকা ভাড়ায় গানার্স ট্রেনিং এরিয়াতে আসতে পারবেন।
প্রবেশ মূল্য ও রাইড খরচ
চট্টগ্রাম গানার্স ট্রেনিং এরিয়াতে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা (৪ থেকে ১০ বছরের বাচ্চা) আর প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা। গানার্স ট্রেনিং এরিয়ার সুবিশাল লেকে বোট ড্রাইভ করতে পারবেন। টিকেট লাগবে ছোট নৌকা ১৫০ টাকা এবং বড় নৌকা ২০০ টাকা। এছারা কায়াকিংও করা যাবে এই লেকে।
কোথায় থাকবেন
গানার্স ট্রেনিং এরিয়ার এই পর্যটন স্পটে থাকার কোন ব্যবস্থা নেই। তাই থাকার জন্য চট্টগ্রাম শহরের আগ্রাবাদ, ষ্টেশন রোড ও জিইসি রোডে বিভিন্ন মানের আবাসিক হোটেল আছে। এদের মধ্যে হোটেল প্যারামাউন্ট, হোটেল স্টার পার্ক, হোটেল হিল টন সিটি, হোটেল ডায়মন্ড পার্ক, হোটেল সেন্ট মার্টিন লিমিটেড ইত্যাদি হোটেলে থাকতে পারবেন।
কোথায় খাবেন
চাইলে বাইরে থেকে খাবার এনে প্রাকৃতিক পরিবেশে বসে খেতে পারবেন। এছারা চট্টগ্রাম শহরে বাংলা, চাইনিজ, ফাস্টফুড সহ বিভিন্ন দেশি বিদেশি খাবারের অসংখ্য রেস্টুরেন্ট আছে। চট্টগ্রামের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মেজবান এবং কালাভুনা অন্যতম।
আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থান
চট্টগ্রামের অন্যান্য দর্শনীয় স্থান এর মধ্যে ওয়ার সিমেট্রি , ফয়েজ লেক , পতেঙ্গা সমুদ্র সৈকত , মহামায়া লেক , গুলিয়াখালী সমুদ্র সৈকত , জাম্বুরি পার্ক, চন্দ্রনাথ পাহাড় সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে।