হোসেনী দালান (Hossaini Dalan) বা ইমামবাড়া মূলত কারবালার প্রান্তরে শাহাদাৎ বরণকারী হযরত ইমাম হোসেন (রাঃ)-এর স্মৃতির স্মরণে নির্মিত শিয়া সম্প্রদায়ের একটি প্রাচীন উপাসনালয় ও সমাবেশস্থল। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো। নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রে জানা যায়, মোগল সম্রাট শাহজাহানের শাসনামলে ১৬৪২ খ্রিষ্টাব্দে (১৭শ শতক) সুবাহদার শাহ শুজার প্রধান ইমারত পরিদর্শক মীর মুরাদের তত্ত্বাবধানে এই হোসেনী দালান ভবনটি নির্মাণ করা হয়।
ইতিহাস ও ঐতিহ্যের ধারক হোসেনী দালানের মূল তোরণ দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে শিয়া সম্প্রদায়ের একটি শান্ত কবরস্থান, সুবিন্যস্ত মূল ভবন এবং একটি সুপরিসর উন্মুক্ত বাগান। মূল ভবনের ঠিক পেছনেই রয়েছে একটি বিশাল শান্ত দিঘি, যার পানিতে ভবনের প্রতিফলন এক অসাধারণ দৃশ্যের অবতারণা করে। ঢাকার প্রাচীন রূপালী কারুশিল্পের অন্যতম নিদর্শন হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে হোসেনী দালানের একটি অত্যন্ত নিখুঁত ও রূপা দিয়ে তৈরি ঐতিহাসিক রেপ্লিকা বা প্রতিকৃতি সংরক্ষিত আছে।
প্রতিবছর হিজরি মহরম মাসের প্রথম ১০ দিন পবিত্র আশুরা উপলক্ষ্যে হোসেনী দালান উৎসবমুখর ও শোকাবহ পরিবেশে মুখরিত হয়ে উঠে। এই ১০ দিন এখানে শিয়া সম্প্রদায়ের বিশেষ ধর্মীয় মজলিশ, মাতম এবং বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠান আয়োজন করা হয়। মহরমের সবচেয়ে বড় আকর্ষণ ঐতিহ্যবাহী ‘তাজিয়া মিছিল’ ১০ মহরমে এই হোসেনী দালানের প্রাঙ্গণ থেকেই অত্যন্ত শৃঙ্খলার সাথে যাত্রা শুরু করে পুরো পুরান ঢাকা প্রদক্ষিণ করে।
পরিদর্শনের সময়সূচী : প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত হোসেনী দালান পরিদর্শন করা যায়।
কিভাবে যাবেন
ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে যাতায়াতের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো গণপরিবহন বা নিজস্ব যানবাহনে প্রথমে গুলিস্তান, সায়েদাবাদ বা শাহবাগ আসা। শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি রিকশা বা সিএনজি নিয়ে চানখাঁরপুল মোড় হয়ে নাজিমউদ্দিন রোডের হোসেনী দালানে পৌঁছানো যায়। আবার গুলিস্তান বা সায়েদাবাদ থেকে সরাসরি রিকশাযোগে চানখাঁরপুল এলাকায় অবস্থিত হোসেনী দালান বা ইমামবারায় সরাসরি যাওয়া যায়। মেট্রোরেলে আসতে চাইলে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ স্টেশনে নেমে সেখান থেকে রিকশা নিয়ে খুব সহজেই এখানে আসা সম্ভব।
পুরান ঢাকার অন্যান্য দর্শনীয় স্থান
আহসান মঞ্জিল , লালবাগ কেল্লা , সদরঘাট, রোজ প্যালেস, বিউটি বোর্ডিং সহ আরও অনেক স্থান।
Feature Image By David Stanley