জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী পশ্চিম কড়িয়া গ্রামে অবস্থিত লকমা রাজবাড়ি (Lakma Palace / Lakma Rajbari) একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আনুমানিক প্রায় ৩০০ বছর পূর্বে লকমা চৌধুরীর পরনাতীর পূর্বপুরুষ জৈনিক চৌধুরী হাদি মামুন এই রাজবাড়িটি নির্মাণ করেন। আবার অনেকের মতে, রাজা লক্ষণসেন এই বাড়ির নির্মাতা। লকমা রাজবাড়ির ইংরেজি ইউ (U) আকৃতির দ্বিতল মূল ভবন ছাড়া অন্য দুইটি দালানের একটি ঘোড়াশাল এবং অপরটি হাতীশাল হিসাবে ব্যবহৃত হত। রাজবাড়ির পূর্ব দিকে আছে কর্মচারীদের ঘর ও কবরস্থান।
বর্তমানে লকমা চৌধুরীর পরনাতীসহ রাজবাড়ির উত্তরাধিকারী ও স্থায়ী বাসিন্দারা একটি সমিতির মাধ্যমে এই ঐতিহাসিক রাজবাড়ি রক্ষণাবেক্ষণ করেন। লকমা রাজবাড়ির অবশিষ্ট প্রায় ১৫ বিঘা জমিতে বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি ফুলের বাগান ও ফলের চাষ করা হয়। সীমান্ত সংলগ্ন হওয়ায় পর্যটকদের জন্য এটি জয়পুরহাটের অন্যতম আকর্ষণ।
যেভাবে যাবেন
জয়পুরহাট জেলা সদর থেকে লকমা রাজবাড়ির দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার। ঢাকার গাবতলি, মহাখালী, আব্দুল্লাহপুর, শ্যামলী অথবা কল্যাণপুর থেকে শাহ্ ফতেহ আলী পরিবহণ, সেইন্টমার্টিন ট্রাভেলস, শ্যামলী পরিবহন এন আর, এস আর ট্রাভেলস এবং হানিফ প্রভৃতি পরিবহণের বাস জয়পুরহাটের উদ্দেশ্যে যাত্রা করে। এসি, নন-এসি এসব বাসের ভাড়া ৫৫০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত। এছাড়া ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন থেকে একতা, চিলাহাটি, দ্রুতযান, কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস এ জয়পুরহাট যেতে পারবেন। ট্রেনে আসনভেদে ভাড়া লাগবে ৫১০-১,৮১০ টাকা। জয়পুরহাট জেলা শহর হতে স্থানীয় পরিবহণ ব্যবস্থায় পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে অবস্থিত লকমা রাজবাড়ি পরিদর্শন করতে যেতে পারবেন।
কোথায় থাকবেন
জয়পুরহাট শহরের থানা রোডে হোটেল সৌরভ ইন্টারন্যাশনাল, হোটেল জাহান আরা ইন্টারন্যাশনাল, জসিম রেসিডেন্সিয়াল হোটেল, পৃথিবী হোটেল এবং হোটেল বৈশাখী রেসিডেন্সিয়াল ছাড়াও বর্তমানে আরও কিছু আধুনিক মানের আবাসিক গেস্ট হাউস ও হোটেল গড়ে উঠেছে।
কোথায় খাবেন
জয়পুরহাটে চাইনিজ ও বাংলা খাবারের জন্য ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেস্টুরেন্ট, বিসমিল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট, রুচিটা রেস্টুরেন্ট এন্ড চাইনিজ, মিনা ও প্রিন্স রেস্টুরেন্ট জনপ্রিয়। এছাড়া শহরের জিরো পয়েন্ট ও স্টেশন রোডে বর্তমানে বেশ কিছু আধুনিক ক্যাফে ও ফাস্ট ফুড শপ চালু হয়েছে।