জামালপুর জেলা সদরের বেলটিয়ায় নিরিবিলি পরিবেশে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village Resort and Park) গড়ে তোলা হয়েছে। ২০১৬ সালে প্রায় ১০ একর জায়গাজুড়ে নির্মিত এই পার্কটি ইতিমধ্যেই ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বাধুনিক বিনোদন কেন্দ্র হিসাবে সারাদেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। পার্কের ভেতরে ঢুকতেই চোখে পড়ে বিস্তৃত সবুজ এলাকা, সাজানো পথ, বসার জায়গা, নান্দনিক ভাস্কর্য এবং খোলা প্রকৃতি। লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে ওয়ান্ডার হুইল, বাম্পার কার, সুইং চেয়ার, মেরী গো রাউন্ড, মিনি ট্রেন, কফি কাপ, রকেট রাইড এবং বোট রাইডিংসহ সর্বমোট ১৪ টি দেশি বিদেশি রাইড রয়েছে।
এছাড়া পার্কের বিশাল পুকুরে বিনোদনের জন্য প্রচুর লাল কার্ফু মাছ ছাড়া হয়েছে। দর্শনার্থীরা চাইলে ১০ টাকা দিয়ে মাছের খাবার কিনে তা পুকুরে ছিটিয়ে দিয়ে মাছের সাথে চমৎকার সময় কাটাতে পারেন। লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে আরো আছে শিশুদের খেলনা ও হস্তশিল্প পণ্যের দোকান, ফাস্টফুড কর্ণার, পরিচ্ছন্ন রেস্টুরেন্ট এবং রাত্রিযাপনের জন্য রিসোর্টের সুবিধা। পার্কের ভেতরে দর্শনার্থীদের সুবিধার্থে নামাজের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এছাড়া যেকোন ধরণের অনুষ্ঠান, শিক্ষা সফর বা মিলনমেলার আয়োজনের জন্য এখানে একটি কনভেনশন সেন্টার ও উন্মুক্ত প্যান্ডেল করার সুবিধা রয়েছে।
সময়সূচী ও প্রবেশ টিকেটের মূল্য
লুইস ভিলেজ রিসোর্ট এ্যান্ড পার্কে প্রবেশ করতে বড়দের জন্য ১৫০ টাকা এবং ছোট বাচ্চাদের জন্য ৮০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়। প্রবেশ ও ৯টি আকর্ষণীয় রাইড সহ জনপ্রতি প্যাকেজ ৫০০ টাকা। এছাড়া পার্কের পুকুরে বোট রাইডের টিকিট মূল্য জনপ্রতি ১০০ টাকা। পার্কটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।
যোগাযোগ বেলটিয়া, জামালপুর সদর, জামালপুর-২০০০ মোবাইলঃ 01712012848 ইমেইলঃ luisvillageresortandpark@gmail.com Facebook Page
কিভাবে যাবেন
ঢাকা থেকে বাস এবং ট্রেনে জামালপুর আসার সুযোগ রয়েছে। আর ঢাকা হতে জামালপুর যাওয়ার ক্ষেত্রে সড়ক পথের চেয়ে রেলপথ বেশি সুবিধাজনক। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে যমুনা এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে চড়ে জামালপুর যাওয়া যায়। আর ঢাকা থেকে বাসে যেতে চাইলে মহাখালী বাস স্ট্যান্ড থেকে মহানগর, এনা কিংবা রাজীব পরিবহণের বাসে জামালপুর যেতে পারবেন।
জামালপুর শহর থেকে রিকশা বা অটোরিকশা যোগে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক যেতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে।
কোথায় থাকবেন
লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কের কটেজগুলোতে সুন্দরভাবে সাজানো রুম ও রুম সার্ভিস সুবিধাসহ রাত্রিযাপনের সুযোগ রয়েছে। এছাড়া জামালপুর সদরের আবাসিক হোটেলগুলোতেও রাতে থাকতে পারবেন। জামালপুরের আবাসিক হোটেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো হোটেল রায়ান ইন্টারন্যাশনাল, হোটেল সৌদিয়া ইন্টারন্যাশনাল, হোটেল শেখ রিপন ইন্টারন্যাশনাল, হোটেল গ্র্যান্ড সাফির, হোটেল রওশন ইন্টারন্যাশনাল এবং হোটেল আল সামাদ।