শেরপুর জেলা শহরে প্রবেশের পর সর্বপ্রথম ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ (Mai Saheba Jame Masjid) নজরে আসে। আনুমানিক ২৫০ বছর পূর্বে নির্মিত এই মসজিদেটি বিভিন্ন সময় সংস্কার করা হলেও তাতে ঐতিহ্যের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। শেরপুর শহরের প্রাণকেন্দ্র শেরপুর সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত মাইসাহেবা মসজিদের দুইটি সুউচ্চ মিনার শহরের বিভিন্ন প্রান্ত থেকে দৃষ্টিগোচর হয়।
মাইসাহেবা জামে মসজিদের নামকরণ নিয়ে একটি গল্প প্রচলিত আছে। তৎকালীন সময় শেরপুরের তিনআনি জমিদার মুক্তাগাছার জমিদার কে নিমন্ত্রণ জানান। মুক্তাগাছার জমিদার তার বদৌলতে শেরপুরের কিছু জায়গা চান। শেরপুরের জমিদার মসজিদের এই জায়গাটি মুক্তাগাছার জমিদার কে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং হাতি দিয়ে সেখানে বিদ্যমান খাজনা তোলায় ব্যবহৃত ঘর ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। কিন্তু হাতিকে নিয়ে বার বার ঘরের কাছে যাওয়া মাত্রই হাতি সালাম দিয়ে বসে পড়ে। এই কথা শুনে তিনআনি জমিদার নিজে এসে দেখতে পান এই ঘরের ভিতর একজন নারী ইবাদতে মগ্ন আছেন। জমিদার তাঁর ভুল বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে ফেরত যান। সেই নারীর নাম ছিল মাই সাহেবা। মাই সাহেবার মৃত্যুর পর জমিদার এখানে একটি মসজিদ নির্মাণ করে মাইসাহেবা জামে মসজিদ নামকরণ করেন।
৩ তলা বিশিষ্ট মাইসাহেবা জামে মসজিদ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। মসজিদে একত্রে প্রায় ৯০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রতি শুক্রবার শেরপুর শহর ছাড়াও আশেপাশের অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লী এই মসজিদে নামাজ পড়তে আসেন। মাইসাহেবা জামে মসজিদ ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বেশি দান গ্রহণকারী মসজিদ হিসাবেও সুপরিচিত। মুসলমান ব্যতীত অন্য ধর্মাবলম্বীরাও এখানে নিয়মিতভাবে দান করে থাকেন।
কিভাবে যাবেন
মহাখালী বাস টার্মিনাল থেকে ড্রিমল্যান্ড, আনন্দ, তুরাগ ইত্যাদি বিভিন্ন বাস সার্ভিসের বাসে ৯০ থেকে ১৪০ টাকা ভাড়ায় শেরপুর আসতে পারবেন। তবে মনে রাখবেন এই সব বেশিরভাগ বাস যাত্রাপথে অনেক স্টপেজে থামে তাই ঝামেলা এড়াতে শুধুমাত্র ড্রিমল্যান্ড স্পেশাল বাসে ৫০০ থেকে ৬০০ টাকায় এসি/নন-এসিতে যাত্রা করতে পারেন। মহাখালী থেকে দুপুর ২ টায় শেরপুর যাবার এসি বাস ছাড়ে।
কোথায় থাকবেন
শেরপুরে সাধারণ এবং মধ্যম মানের কিছু গেষ্ট হাউজ ও আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে ৩০০ থেকে ৮০০ টাকায় রাত্রিযাপন করতে পারবেন। আবাসিক হোটেলের মধ্যে সম্পদ, কাকলী, বর্ণালী গেষ্ট হাউজ, ভবানী প্লাজা অন্যতম। এছাড়া শেরপুরে সড়ক ও জনপথ, সার্কিট হাউজ, এলজিইডি, এটিআই এবং পল্লী বিদ্যুৎতের পৃথক পৃথক রেষ্ট হাউজ রয়েছে।
ফোন নাম্বার: সার্কিট হাউজ: ০৯৩১-৬১২৪৫, হোটেল সম্পদ: ০১৭১২-৪২২১৪৫, কাকলী গেষ্ট হাউজ: ০১৯১৪-৮৫৪৪৫০, হোটেল সাইদ: ০৯৩১-৬১৭৭৬, আরাফাত গেস্ট হাউজ: ০৯৩১–৬১২১৭, বর্ণালী গেস্ট হাউজ: ০৯৩১–৬১৫৭৫।
কোথায় খাবেন
শেরপুর শহরের নিউ মার্কেট এলাকায় হোটেল শাহজাহান, হোটেল আহার এবং হোটেল প্রিন্সে খাবার খেতে পারেন।