নরসিংদী জেলার নাগরিয়া কান্দি এলাকায় অবস্থিত সানফ্লাওয়ার গার্ডেন (Nagoriakandi Sunflower Garden) ঢাকার কাছে বর্তমানে সবচেয়ে বড় সূর্যমুখী বাগান হিসেবে পরিচিত। ফুলের সময়ে এখানে হাজারো সূর্যমুখী ফুলে ছেয়ে যায় পুরো এলাকা। শুধু সূর্যমুখী নয়, এখানে আছে টিউলিপ সহ শীতকালীন নানান ফুলের সমারোহ।
বাগানে প্রবেশ করলেই দেখা মিলবে সুন্দর গেট, ছবি তোলার সেলফি বুথ ও বাগান উপর থেকে দেখার জন্যে ওয়াচ টাওয়ার। ছবি তোলার অন্যতম আকর্ষণ ছাতা নগরীতে রয়েছে বিভিন্ন রঙের ঝুলন্ত ছাতার সমাহার।
সিজনের সময় প্রতিদিন হাজারো মানুষ এই ফুলের রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় জমাচ্ছেন। মেঘনার তীরে এই সূর্যমুখী বাগানে প্রিয়জন, পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে পারবেন। ঢাকার কাছে হওয়ায় দিনে দিনেই ঘুরে যেতে পারবেন নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন থেকে।
বাগানের পাশেই নদী, তার উপর নাগরিয়াকান্দি মেঘনা ব্রিজ, ব্রীজের অপরপাশেই আছে গোল্ডেন স্টার পার্ক (Golden Star Park)। দুটো জায়গা পাশাপাশি হওয়ায় একই সাথে দুইটি জায়গা ভ্রমণ করতে পারবেন।
যাওয়ার উপযুক্ত সময়
সূর্যমুখী ফুল দেখতে চাইলে যাওয়ার সেরা সময় হচ্ছে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাস।
প্রবেশ টিকেট মূল্য ও সময়সূচী
নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেনে প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা। ছবি তোলার জন্যে কিছু বিশেষ ভাবে সাজানো স্পট আছে, যেখানে প্রবেশের জন্যে কোথাও কোথাও আলাদা টিকেট লাগতে পারে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে।
নাগরিয়া কান্দি গোল্ডেন স্টার পার্কের প্রবেশ টিকেট মূল্য ১৫০ টাকা। তিন (৩) বছরের ছোট বাচ্চাদের প্রবেশ ফ্রি। পার্কটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
কীভাবে যাবেন
ঢাকা থেকে নরসিংদী জেলার নাগরিয়াকান্দি এলাকায় সড়কপথে সহজেই পৌঁছানো যায়। নাগরিয়া কান্দি ব্রিজের এক পাশে গোল্ডেন স্টার পার্কে ও অপর পাশেই সানফ্লাওয়ার গার্ডেন অবস্থিত।
ঢাকা থেকে বাসে গেলে নরসিংদীর পাঁচদোনা অথবা সাহেপ্রতাব বাস স্ট্যান্ড নেমে অটোরিকশা নিয়ে যেতে পারবেন নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন ও গোল্ডেন স্টার পার্কে।
ট্রেনে গেলে নরসিংদী রেল স্টেশনে নেমে যে কোন অটোরিক্সা নিয়ে যাওয়া যাবে নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেনে।
অন্য কোথাও থেকে আসতে চাইলে নরসিংদী জেলার সাহেপ্রতাব বাস স্ট্যান্ড নেমে গিয়ে রিক্সায় যেতে পারবেন।
কোথায় খাবেন
সানফ্লাওয়ার গার্ডেনের সাথেই নানা বাহারি রঙ এর ফুল দিয়ে সাজানো আপন রেস্টুরেন্ট আছে। যেখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে।
দর্শনার্থীদের জন্য পরামর্শ
বাগানের সৌন্দর্য উপভোগের জন্য সকালে বা বিকেলে যাওয়া উত্তম।
ফুলের প্রতি সংবেদনশীল আচরণ করুন এবং বাগানের নিয়মাবলী মেনে চলুন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন।
নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেন প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান, যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সময় কাটাতে পারবেন। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে একটি সুন্দর দিন উপভোগের জন্য এই বাগানটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।