নাগরিক জীবনের কর্মব্যস্ততার ভীড়ে অল্প সময়ের অবসরে চিত্তবিনোদনের সুযোগ তৈরি করার উদ্দেশ্যে ২০০৩ সালে সাভারের নবীনগর-চন্দ্রা হাইওয়ের বাড়ইপাড়া এলাকায় নন্দন পার্ক (Nandan Park) গড়ে তোলা হয়। সবুজে ঢাকা প্রায় ৩৩ একর আয়তনের এই পার্কের রয়েছে নিরাপদ এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশি বিদেশি রাইড, ফাইভ-ডি মুভি থিয়েটার, ওয়াটার ওয়ার্ল্ড, রেস্টুরেন্ট, রিসোর্ট এবং সুপরিসর কার পার্কিং সুবিধা।
নন্দন পার্কের আকর্ষণীয় রাইডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিপ রাইড, রক ক্লাইম্বিং, র্যাপলিং, চ্যালেঞ্জ কোর্স, রোলার কোস্টার, অবস্ট্যাকল কোর্স, ওয়াটার কোস্টার, ক্যাবল কার, ম্যাজিক কার্পেট এবং স্কাই ড্রপ ইত্যাদি। আর ওয়াটার ওয়ার্ল্ডে রয়েছে ওয়েভ পুল, স্যুট ও ফ্যামিলি কার্ভ টিউব স্লাইড, ওয়েভ রানার, ডুম স্লাইড, মাল্টি প্লে জোন এবং ওয়াটার ফল অ্যান্ড মিস্ট। ওয়াটার ওয়ার্ল্ডের ভেতরে রয়েছে সুবিশাল দুটি সুইমিং পুল, স্লিপার ও ঝর্ণার ব্যবস্থা। এছাড়াও পার্কের অভ্যন্তরে ছোটদের জন্য রয়েছে কিডস প্লে এরিয়া এবং একটি সুন্দর মিনি চিড়িয়াখানা, যেখানে হরিণ, খরগোশ ও বিভিন্ন পশুপাখি দেখা যায়। পানিতে নামার আগে মোবাইল, ওয়ালেট, ঘড়ি, কাপড় ও ব্যাগ নিরাপদে রাখতে লকার সুবিধাও পাওয়া যায়। নির্দিষ্ট ফি-তে নির্ধারিত সময়ের জন্য লকার ভাড়া নেওয়া যায়।
এছাড়া বছরের বিশেষ দিনগুলোতে (যেমন: স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, পূজা, পহেলা বৈশাখ) নন্দন পার্কে বিভিন্ন ধরনের মেলা ও জমকালো কনসার্ট আয়োজন করা হয়ে থাকে। নন্দন পার্কে করপোরেট অনুষ্ঠান, পিকনিক, ফ্যামিলি গেট-টুগেদার ও সভা/সেমিনার আয়োজনের সুব্যবস্থা রয়েছে।
নন্দন পার্কে প্রবেশ টিকেটের মূল্য
নন্দন পার্কে প্রবেশের জন্য বিভিন্ন রকম প্যাকেজ চালু আছে। পার্কে প্রবেশসহ দুই রাইডের মূল্য ৫০০ টাকা, প্রবেশসহ ১০ রাইডের মূল্য ৭৫০ টাকা এবং প্রবেশসহ ওয়াটার ওয়ার্ল্ডের সমস্ত রাইডের টিকেটের মূল্য ৮০০ টাকা। এছাড়াও আরো বেশকিছু ফ্যামিলি প্যাকেজ চালু আছে। নন্দন পার্কের প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে ঘুরে আসুন: https://nandanpark.com/shop/
পার্কে ঢুকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করেও পছন্দের রাইড উপভোগ করতে পারবেন। নন্দন পার্কের রাইডগুলোর টিকেটের মূল্য ৪০ থেকে ১৭০ টাকার মধ্যে সীমাবদ্ধ। এছাড়াও নন্দন পার্কে বছরের বিভিন্ন সময় টিকেটের উপর নির্দিষ্ট হারে ছাড়ের ব্যবস্থা থাকে।
নন্দন পার্কের সময়সূচি রবিবার থেকে বৃহস্পতিবার বেলা ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত নন্দন পার্ক খোলা থাকে। আর শুক্র এবং শনিবার সকাল ০৯ঃ৩০ টা থেকে রাত ৭টা পর্যন্ত পার্কে প্রবেশ করা যায়। সপ্তাহান্তে ও ছুটির দিনে ভিড় অনেক বেশি থাকে, তাই স্বাচ্ছন্দ্যে ঘোরার জন্য সপ্তাহের কার্যদিবসে যাওয়া এবং সকাল সকাল পৌঁছানো সবচেয়ে ভালো।
যোগাযোগ বাড়ইপাড়া, নবীনগর, চন্দ্রা হাইওয়ে, সাভার, ঢাকা মোবাইল: 01755646816, 01713657894 ই-মেইল: info@nandanpark.com.bd Website | Facebook Page
কিভাবে যাবেন
ঢাকার মতিঝিল থেকে আবাবিল পরিবহন গুলিস্তান, মগ বাজার, মহাখালি, বনানি, উত্তরা, আশুলিয়া ইপিজেড হয়ে যাতায়াত করে। এই বাসে চড়ে সহজেই নন্দন পার্ক যাওয়া যায়। এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকে হানিফ, সুপার ও আজমেরী বাস নন্দন পার্ক রুটে যাতায়াত করে। গাজীপুরের নবীনগর থেকেও চন্দ্রামুখী যেকোনো বাসে উঠলে হাইওয়ের পাশেই নন্দন পার্কের প্রবেশ গেইট চোখে পড়বে। বাসের হেলপারকে আগেই বলে দিলে গেটের সামনে নামিয়ে দিবে। ঢাকা থেকে বাসভাড়া সাধারণত ১০০-১২০ টাকার মধ্যে হয়ে থাকে। আর চাইলে নিজস্ব পরিবহনেও নন্দন পার্ক যেতে পারবেন।