বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে আনারসের চাষ হলেও টাঙ্গাইল জেলার মধুপুরের উৎপাদিত আনারসের রয়েছে বিশেষ খ্যাতি। সমগ্র মধুপুর জুড়েই প্রচুর আনারসের চাষ হয়। আনারস কেনাবেচার জন্য মধুপুরের জলছত্র এলাকায় ঢাকা মহাসড়কের দুই পাশে প্রতি সপ্তাহের শুক্র ও মঙ্গলবার আনারসের বিশাল এক হাট বসে। প্রতিবছর বর্ষায় সারাদেশে যে আনারস পাওয়া যায় তার অধিকাংশই মধুপুর থেকে দেশজুড়ে ছড়িয়ে যায়। এদের মধ্যে মধুপুরের অরুনখোলা, ষোলাকুঁড়ি, আউশনাড়া ইউনিয়নে উৎপাদিত জলডুগি ও জায়ান্টকিউ আনারস সবচেয়ে জনপ্রিয়।
আনারসের ভরা মৌসুমে জলছত্র হাট ২৫ মাইল মোড় থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। সকাল বেলা থেকেই চাষীরা নিজেদের জমিতে উৎপাদিত আনারস বোঝাই করে হাটে নিয়ে আসে। আর দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসে এখান থেকে পাইকারি দামে আনারস কিনে নিয়ে যায়। আনারস ছাড়াও এই হাটে কলা, কামরাঙ্গা, আমড়া ও কচুর বেচাকেনা হয়ে থাকে। আনারস কেনা-বেচা ঘিরে বিশাল এই কর্মযজ্ঞ এই হাটে না আসলে বুঝা সম্ভব না। জলছত্র বাজার ছাড়াও গারো বাজার, মধুপুর বাজার ও ২৫ মাইল বাজারেও আনারসের কেনা-বেচা হয়ে থাকে। আনারসের হাট দেখার পাশাপাশি চোখ জুড়ানো আনারস বাগান, পাকা আনারসের মৌ মৌ গন্ধ ও গ্রামীণ প্রকৃতির মনোরম দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে।
কিভাবে যাবেন
ঢাকার মহাখালী থেকে সরাসরি মধুপুর যাওয়ার বাস আছে। বাস ভেদে ভাড়া লাগে ২০০-৩০০ টাকা। মধুপুর থেকে অটোরিকশা নিয়ে আনারসের হাট জলছত্র যেতে পারবেন। এছাড়া ময়মনসিংহ থেকে আসলে সরাসরি জলছত্র বাজারে নামা যাবে।
কোথায় থাকবেন
মধুপুর উপজেলার বাসস্ট্যান্ডের কাছে বেশ কয়েকটি ভালমানের আবাসিক হোটেল রয়েছে। এছাড়া টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অবস্থিত আবাসিক হোটেল ও গেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারবেন।
কোথায় খাবেন
মধুপুরে খাওয়ার জন্য বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া সময় করে টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ীর চমচমের স্বাদ নিতে ভুলবেন না।
কিছু পরামর্শ
মধুপুরে প্রায় সারাবছরই অল্প পরিমাণে আনারসের চাষ হয়ে থাকেলও আনারসের হাট ও বাগান দেখার জন্য আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রাবণের শেষ সপ্তাহে আনারসের ভরা মৌসুমে যেতে হবে।
সকাল ৮ টার মধ্যেই জলছত্র হাট জমে উঠে আর বেলা বাড়ার সাথে সাথে হাটের ব্যস্ততা কমতে থাকে। তাই সকাল সকাল হাটে পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে রাতে মধুপুর বা টাঙ্গাইলে অবস্থান করা ভালো।
জলছত্র বাজারে সরাসরি কৃষকের কাছ থেকে খুচরা ভাবে আনারস কেনার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আশেপাশের খুচরা বিক্রেতা থেকে কিনতে হবে।
জলছত্র বাজার থেকে ভ্যান ভাড়া করে বা তাদের মাধ্যমেও আশেপাশের যেকোন আনারস বাগান ঘুরে দেখতে পারবেন।
আনারস বাগানে ঢুকার ক্ষেত্রে কৃষকের কাছ থেকে অনুমতি নিয়ে বাগানে প্রবেশ করা ভালো।
টাঙ্গাইল জেলার অন্যান্য দর্শনীয় স্থান
টাঙ্গাইল শহরের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে মধুপুর জাতীয় উদ্যান , ২০১ গম্বুজ মসজিদ , গুপ্ত বৃন্দাবন , এসপি পার্ক, ধনবাড়ি, পাকুটিয়া ও মহেরা জমিদার বাড়ী উল্লেখযোগ্য।