রমনা পার্ক (Ramna Park) বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত সুনিবিড় ছায়া ঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান। প্রতিষ্ঠার সময় অর্থাৎ ১৬১০ সালে রমনা পার্কটি পুরানো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত বিস্তৃত ছিল। কালের বিবর্তনে বর্তমানে এর আয়তন দাঁড়িয়েছে ৬৮.৫০ একরে। প্রতি বছর ছায়ানটের উদ্যোগে ঐতিহ্যবাহী রমনা পার্কের বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়, যা বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
সবুজে ঢাকা মোঘল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার সাক্ষী রমনা পার্কে বর্তমানে প্রায় ২১১ প্রজাতির উদ্ভিদ রয়েছে। যার মধ্যে আছে অসংখ্য লতাগুল্ম, দুর্লভ প্রজাতির ছোট- বড় বৃক্ষ এবং পাদাউক, কেয়া, কৃষ্ণচূড়া, সোনালু সহ নানান মৌসুমী ফুলের সমাহার। এই উদ্যানের অন্যতম আকর্ষণ হলো এর লেক, যার দৈর্ঘ্য ৮১২ মিটার এবং প্রস্থ ৯ থেকে ৯৪ মিটার পর্যন্ত।
কিভাবে যাবেন
ঢাকার যেকোনো প্রান্ত থেকে মেট্রোরেলে চড়ে শাহবাগ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নেমে খুব সহজেই রমনা পার্কে যাওয়া যায়। এছাড়া বাসে বা সিএনজিতে আসতে চাইলে শাহবাগ মোড় অথবা মৎস্য ভবন মোড়ে নেমে অল্প পথ হাঁটলেই রমনা পার্কে পৌছাতে পারবেন।
কোথায় থাকবেন
রাজধানী ঢাকার প্রায় প্রতিটি এলাকাতেই কম-বেশি আবাসিক হোটেল রয়েছে। এখানে ৫ তারকা মানের হোটেল থেকে শুরু করে সাধারণ মানের হোটেলও পাবেন। ৫ তারকা হোটেলের মধ্যে পার্কের খুব কাছেই রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। এছাড়া প্যান প্যাসিফিক সোনারগাঁ, হোটেল লা মেরিডিয়েন এবং র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন উল্লেখযোগ্য। কম খরচে থাকতে চাইলে বঙ্গবন্ধু এভিনিউ, ফকিরাপুল, পল্টন এবং গুলিস্তান এলাকায় অসংখ্য আবাসিক হোটেল পাওয়া যাবে।