রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দ্বিগ্রাম খেজুরতলায় প্রায় ৪০ বিঘা জায়গার উপর ২০১২ সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে সাফিনা পার্ক ও রিসোর্ট (Safina Park and Resort)। গোদাগাড়ী থেকে সাফিনা পার্কের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। নতুন বিনোদন আয়োজনে সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্তবিনোদন ও পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
নানারকম ফুল, ফল ও ঔষধি গাছ দিয়ে ঘেরা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা ও কৃত্রিম উপায়ে তৈরিকৃত বিভিন্ন পশু পাখির আকর্ষণীয় ভাস্কর্য। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, দোলনা, ট্রেন, থ্রিডি সিনেমা এবং কিডস স্পোর্টস জোন। দর্শনার্থীরা ইচ্ছে করলে পার্কের ভিতরে বিদ্যমান দুইটি লেকে নৌকায় ঘুরে বেড়াতে পারেন। অনুমতি সাপেক্ষে লেকে মাছ ধরার সুযোগ রয়েছে।
যেকোন অনুষ্ঠানের আয়োজনের জন্য সাফিনা পার্কে ২ টি পিকনিক স্পট, কনফারেন্স রুম এবং মঞ্চের ব্যবস্থা আছে। এছাড়া আগত দর্শনার্থীদের কেনাকাটার সুবিধার্থে পার্কের অভ্যন্তরে একটি মার্কেট নির্মাণ করা হয়েছে।
প্রবেশ মূল্য ও সময়সূচী
সাফিনা পার্কে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা। 9D মুভি, ভার্চুয়াল রিয়েলিটি, স্পিড বোট, প্যাডেল বোট, রোলার কোস্টার, হরর হাউজ, ট্রেন, নাগরদোলা, চরকি, সুইমিংপুল সহ সব রাইডের খরচ ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এছাড়া ওয়াটার পার্কের টিকেট মূল্য ৫০০ টাকা।
৯০০ থেকে ৪,৫০০ টাকায় ৪ থেকে ১২ জন্যের জন্যে এন্ট্রি ফি ও বিভিন্ন রাইড সহ স্টুডেন্ট প্যাকেজ, কাপল প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ ও কর্পোরেট প্যাকেজ আছে। পিকনিক করার সুব্যবস্থা আছে। পিকনিক স্পট ভাড়া নিতে লাগবে ৩,৫০০ টাকা থেকে ৫,৫০০ টাকা।
সাফিনা পার্কে কার পার্কিং এর সুবিধা আছে, মোটরসাইকেল ২০ টাকা, অটো/সিএনজি ৫০ টাকা, প্রাইভেট কার/মাইক্রোবাস ১০০ টাকা, বাস ৩০০ টাকা।
যোগাযোগ সাফিনা পার্ক এন্ড রিসোর্ট গোদাগাড়ী, রাজশাহী মোবাইলঃ 01330 002333, 01330 002555 ই-মেইলঃ info@safinapark.com Website | Facebook Page
কিভাবে যাবেন
সাফিনা পার্কে যেতে হলে প্রথমে রাজশাহী আসতে হবে। ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশ পথে রাজশাহী যাওয়া যায়। ঢাকা হতে সড়ক, রেল এবং আকাশ পথে রাজশাহী যাওয়া যায়। ঢাকার গাবতলী, আব্দুল্লাপুর এবং কল্যাণপুর থেকে এসি বা নন এসি বাসে রাজশাহী যাওয়া যায়। বাস ভেদে জনপ্রতি ভাড়া ৭১০ থেকে ১৪০০ টাকা।
ট্রেনে কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে সিল্কসিটি, ধুমকেতু, বনলতা বা পদ্মা এক্সপ্রেসে রাজশাহী যাওয়া যায়। সিটের শ্রেণী অনুযায়ী জনপ্রতি ট্রেন টিকেটের মূল্য ৪৫০ থেকে ১,৫৯৭ টাকা।
রাজশাহী শহর থেকে স্থানীয় বিভিন্ন পরিবহণ যেমন বাস, সিএনজি বা অটোরিকশায় চড়ে গোদাগাড়ীর জিরো পয়েন্ট হতে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত সাফিনা পার্কে পৌঁছাতে পারবেন।
সাফিনা রিসোর্টে থাকার খরচ
সাফিনা পার্কের বিলাসবহুল রেস্ট হাউজে থাকার ব্যবস্থা আছে। রিসোর্টে থাকতে চাইলে যোগাযোগ করুন উপরের দেওয়া ফোন নাম্বারে। রিসোর্ট ভাড়া ও অন্যান্য তথ্য জেনে নিন।
কোথায় খাবেন
সাফিনা পার্কের রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার সুযোগ রয়েছে। এছারা গোদাগাড়ীতে তৈমুর, বিসমিল্লাহ ও রহমতুল্লা হোটেলের মতো কিছু সাধারণ মানের খাবারের হোটেল খুঁজে পাবেন। আর রাজশাহী শহরের রেস্তোরাঁগুলোতে ফাস্টফুড, চাইনিজ, বাংলা ইত্যাদি বিভিন্ন ধরণের খাবারের ব্যবস্থা আছে।
অন্যান্য দর্শনীয় স্থান
খেজুরতলা থেকে সাফিনা পার্কে যাওয়ার পথে রাস্তার দুইপাশে সবুজের সমাহার ও পদ্মা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার দৃশ্য বেশ উপভোগ্য, সুযোগ থাকলে তা হাতছাড়া করবেন না। রাজশাহীর অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে বরেন্দ্র গবেষণা জাদুঘর , শিশু পার্ক , বাঘা মসজিদ , রাজশাহী নভোথিয়েটার , পদ্মা গার্ডেন , টি বাঁধ , পুঠিয়া রাজবাড়ী ও কেন্দ্রীয় চিড়িয়াখানা অন্যতম।