হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী পাহাড়ে ৫ তারকা মানের দ্যা প্যালেস রিসোর্ট (The Palace Luxury Resort) অবস্থিত। রিসোর্টের চারপাশে সবুজ পাহাড়ের সমারোহ আর মেঘের লুকোচুরি খেলা মনকে সহজেই প্রফুল্য করে তোলে। প্রায় ১৫০ একর পাহাড়ি ভূমিতে ৩০ হাজার গাছ, ঝর্ণা, চা বাগান, রাবার বাগান দিয়ে সাজিয়ে রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। বর্তমানে টাওয়ার বিল্ডিংয়ে ১০৭টি বিলাসবহুল গেস্টরুম এবং পাহাড়ের বুকে ২২টি এক্সক্লুসিভ ভিলা নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ রিসোর্ট হিসেবে এটি নিজের পরিচয় সুদৃঢ় করেছে। চমৎকার নির্মাণশৈলী ও মনোরম পরিবেশের এই রিসোর্ট সত্যিকার অর্থেই যেন এক রাজপ্রাসাদ। হানিমুন কিংবা পরিবার নিয়ে নিরিবিলিতে ছুটির সময় কাটাতে চাইলে দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট একটি অতুলনীয় স্থান।
রুম ভাড়া
দ্যা প্যালেস রিসোর্ট ও স্প্যা তে অগ্রিম বুকিং দিয়ে যেতে হয়। নিরাপত্তা এবং সেবার সর্বোচ্চ মান বজায় রাখতে এখানে বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেয়া হয় না। থাকার জন্য এই রিসোর্টে ২ ধরনের রুমের ব্যবস্থা রয়েছে। টাওয়ার বিল্ডিং এ ভিন্ন ভিন্ন ক্যাটাগরির রুম নিতে নূন্যতম ২৪,০০০ থেকে ২৬,০০০ টাকা গুনতে হয় আর ভিলায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরির প্রতি রুমের জন্য খরচ করতে হয় নূন্যতম ৩৩,০০০ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত। (রুমের ভাড়ার সাথে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিজ চার্জ প্রযোজ্য।)
যেভাবে যাবেন
ঢাকা থেকে বাসে, ট্রেনে, গাড়ি এবং হেলিকপ্টারে করে দ্যা প্যালেস রিসোর্টে যাওয়া যায়। ঢাকা থেকে সিলেটগামী বাসে করে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি বাজারে এসে সি.এন.জি করে দ্যা প্যালেস রিসোর্ট ও স্প্যা তে যাওয়া যায়। এছাড়া সিলেট এসে রিসোর্ট কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে নিদৃষ্ট চার্জের (৩,০০০ – ৫,০০০ টাকা) বিনিময়ে রিসোর্টের গাড়িতে যাবার সুযোগ রয়েছে। রিসোর্টটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে অবস্থিত।
দ্যা প্যালেস রিসোর্টের অন্যান্য সুযোগ সুবিধাসমূহ
৪ টি বড় সভা কক্ষ এবং প্রায় ৪০০ জনের ব্যাংকুয়েট হল
৫ টি রেস্টুরেন্ট
ফ্রি ওয়াই-ফাই
টেনিস, ব্যাটমিন্টন এবং বাস্কেটবল কোর্ট
কিডস জোন
ফিশিং জোন
সিনেপ্লেক্স
গেম জোন
সুইমিং পুল
সাইকেল রাইডিং
জিম বা ব্যায়ামাগার
বার
হেলিকপ্টার রাইড এবং
প্রাথমিক চিকিৎসার জন্য সার্বক্ষণিক ডাক্তার।
রিসোর্টে একটি বিশাল লেক রয়েছে যেখানে বোটিং করা যায়; এছাড়া পাহাড়ের চূড়ায় ইনফিনিটি সুইমিং পুল, অ্যাম্ফিথিয়েটার এবং ট্রেকিংয়ের সুযোগ রয়েছে। এছারা রিসোর্টের ওয়াটার জোন পরিবারের ছোট-বড় সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি আকর্ষণ। ইনডোর গেমসের মধ্যে রয়েছে ভিডিও গেমস, কার্ট রেসিং, বিলিয়ার্ড, দাবা, টেবিল টেনিস, টেনিস ইত্যাদি। তবে বেশ কিছু সুযোগ নিতে হলে এখানে অর্থ খরচ করতে হয়। হেলিকপ্টার রাইডে গুনতে হয় নির্দিষ্ট চার্জ, সাইকেল চালাতে লাগবে ২০০ টাকা এবং ফিশিং জোনে মাছ শিকারের পর তা রান্না করতে হলে অতিরিক্ত চার্জ দিতে হবে।
অফার
দ্যা প্যালেস রিসোর্টে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার চালু থাকে। বর্তমানে রিসোর্টের চলমান অফারে ২ জন প্রাপ্তবয়স্কের জন্য ব্রেকফাস্ট ও ডিনার অন্তর্ভুক্ত থাকে, এবং ১০ বছরের নিচের দুটি শিশু বিনামূল্যে এই সুবিধা পাবে। অতিরিক্ত প্রাপ্তবয়স্কের জন্য ৪,০০০ টাকায় ব্রেকফাস্ট ও ডিনার প্রযোজ্য। দ্যা প্যালেসের সর্বশেষ এক্সক্লুসিভ অফার সম্পর্কে জানতে রিসোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেইসবুক ফ্যান পেইজ থেকে ঘুরে আসতে পারেন।
যোগাযোগ: পুটিজুরি, বাহুবল, হবিগঞ্জ মোবাইলঃ 01990001000, 01910001000 ইমেইল: info@thepalacelife.com Website | Facebook
কর্পোরেট হেড অফিস
গ্রীন প্লানেট রিসোর্ট লিমিটেড বাড়ি # 14, রোড # 3, সেক্টর # 6, উত্তরা, ঢাকা-১২৩০ মোবাইলঃ 01990001000, 01910001000 ইমেইলঃ corporate@thepalacelife.com
খাবার
খাওয়া-দাওয়ার জন্য দ্যা প্যালেস রিসোর্টে রয়েছে বিভিন্ন স্বাদের পাঁচটি রেস্টুরেন্ট। ভিয়েতনামি ফাইন ডাইনিংয়ের জন্য সায়গন, ইন্ডিয়ান-কন্টিনেন্টাল-ওরিয়েন্টাল খাবারের জন্য অলিভ, ভিলার কাছে প্রকৃতির কোলে স্বল্প পরিসরের রেভোলিউশন ক্যাফে, আরবীয় পরিবেশে ডাইনিংয়ের জন্য অ্যারাবিয়ান লাউঞ্জ এবং স্ট্রিট ফুডের জন্য নস্টালজিয়া ক্যাফে রয়েছে। নস্টালজিয়ার নাসি গোরেং এবং মালয়েশিয়ান শ্রিম্প কারি পর্যটকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। তবে বাফেটের বাইরে আলাদা খাবার এখানে বেশ ব্যয়বহুল। লাঞ্চ এবং ডিনার বাফেট মূল্য যথাক্রমে ১,২৫০ ও ১,৫০০ টাকা (মূল্যের সাথে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য)। বলে রাখা ভালো, বাফেট মূল্যের সাথে পানি এবং কোমল পানীয়ের খরচ যুক্ত নয়।
প্যালেস রিসোর্টে ব্যস্ত মৌসুমে রেস্টুরেন্টে অনেক ভিড় হয়, বিশেষত ডিনারের সময়। তাই ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের জন্য আগেভাগে পৌঁছানো বুদ্ধিমানের কাজ।
দ্যা প্যালেস রিসোর্টে রুম বুকিং দিয়ে উপস্থিত হবার পর যেসব সুবিধা পাবেন:
দুজনের সকালবেলার ব্যুফে নাস্তা (সকাল ১০:৩০ পর্যন্ত), ৫ বছর বয়সের নিচে বাচ্চাসহ ৩ জন হলে তার জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়।
২ লিটার পানি ও চা/কফি বানানোর সরঞ্জাম
টুথপেস্ট-টুথব্রাশ, শ্যাম্পু, সাবান, লোশন
ওজন মাপার মেশিন
লকার
শাওয়ার ড্রেস, জুতা, শাওয়ার ক্যাপ, লন্ড্রি ব্যাগ
পুরো এরিয়ার ম্যাপ, কলম, প্যাড এবং
ফ্রি ওয়াইফাই
চেক-ইন সময় দুপুর ২টা এবং চেক-আউট সময় দুপুর ১২টা। নো-শো বা ৪৮ ঘণ্টার কম নোটিশে বাতিল করলে এক রাতের রুম চার্জ কাটা যাবে (ব্ল্যাকআউট ডেটের ক্ষেত্রে ৭ দিন আগে বাতিল করতে হবে)।
আশেপাশে ঘুরতে চাইলে
অপরূপ প্রাকৃতিক পরিবেশের কারণে দ্যা প্যালেসে আগত অতিথিরা সাধারণত এই রিসোর্টেই তাদের অবকাশ যাপন করে ফিরে যান। তবে মাত্র ৩৮ কিলোমিটার দূরে শ্রীমঙ্গলে বিভিন্ন দর্শনীয় স্থান থাকায় অনেকেই শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান এবং মাধবপুর লেক থেকে ঘুরে আসেন।
[বি: দ্র: উপরে উল্লেখিত সকল ধরনের মূল্য বা খরচের পরিমান পরিবর্তনশীল]