বাংলাদেশের পাহাড়ি জেলা বান্দরবান প্রকৃতি প্রেমীদের স্বর্গ। বান্দরবানের আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক দেখার মত স্থান। জনপ্রিয় পর্যটন স্থান গুলোর অনেক গুলো অবস্থিত বান্দরবান-থানচি রাস্তার পাশে। চিম্বুক পাহাড় ও নীলগিরি দেখার জন্যেই অনেকেই এই রাস্তায় ভ্রমণ করে থাকেন।
পর্যটকদের বান্দরবানের প্রকৃতি অবলোকন করতে বান্দরবান-থানচি রোডে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট আছে। তার মধ্যে একটি হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট (Titanic View Point)। এটি চিম্বুক ও নীলগিরি এর মাঝামাঝি অবস্থিত। নীলগিরি/থানচি যাবার পথেই এর দেখা মিলবে।
টাইটানিক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি বান্দরবানের পাহাড়ি সৌন্দর্যের অনন্য রূপ দেখতে পারবেন। দূরের গ্রাম, আঁকাবাঁকা পথ, আর সবুজে ঘেরা পাহাড় যেন স্বপ্নের মতো মনে হবে। ফটো প্রেমীদের জন্য এই স্পট স্বর্গরাজ্য বলা যায়।
ভোরবেলায় টাইটানিক ভিউ পয়েন্টে দাঁড়ালে পাহাড়ের গায়ে ভেসে আসা মেঘ হাতের নাগালে মনে হবে। সূর্যোদয়ের সোনালি আলো যখন পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়ে, তখন প্রকৃতির সেই দৃশ্য মনকে গভীরভাবে ছুঁয়ে যায়।
কিভাবে যাবেন
টাইটানিক ভিউ পয়েন্টে যেতে আপনাকে বান্দরবান শহরে আসতে হবে। সেখান থেকে চান্দের গাড়ি, জীপ, সিএনজি অথবা থানচির বাসে করে যেতে পারবেন এই পয়েন্টে। বান্দরবান সদর থেকে ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার।
যারা ঘুরতে যান, সাধারণত আরও কিছু দর্শনীয় স্থান যেমন চিম্বুক , নীলগিরি , ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সহ একসাথে ঘুরে দেখেন। সব গুলো জায়গা ঘুরে দেখার বিস্তারিত জানতে পড়ুন বান্দরবান ট্যুর প্ল্যান ।
কোথায় থাকবেন
টাইটানিক ভিউ পয়েন্টে থাকার সুযোগ নেই। ঘুরে দেখে বান্দরবানেই ফিরে আসতে হবে। অথবা থাকতে পারবেন নীলগিরিতে। বান্দরবানের প্রিমিয়াম ও বাজেট হোটেল ও রিসোর্টের বিস্তারিত জানতে পড়ুন আমাদের বান্দরবানের সেরা হোটেল ও রিসোর্ট আর্টিকেল।
কোথায় খাবেন
টাইটানিক ভিউ পয়েন্টে কিছু আদিবাসীদের ছোট দোকান থেকে সিজন অনুযায় পাহাড়ি ফল, যেমন পেপে, কলা, আনারস, পেয়ারা, মারফা খেতে পারবেন। ভারি খাবারের ব্যবস্থা এইখানে নেই। খেতে চাইলে চিম্বুকের সামনে, নীলগিরিতে অথবা বান্দরবান শহরে ফিরে খেতে হবে।