জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক (Jolshiri Central Park) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৩ নম্বর সেক্টরে অবস্থিত। প্রায় ১৪.৩৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্ক। ঢাকার কোলাহলপূর্ণ নগর জীবনের মাঝে একটু শান্তি আর প্রকৃতির সান্নিধ্য পাওয়া সত্যিই দুর্লভ। তবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক এই অভাব পূরণ করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই পার্কটি আধুনিক অবকাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন।
জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক এর বিশেষ আকর্ষণ
১. লেক ও নৌকা ভ্রমণ পার্কের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই লেকটি দর্শনার্থীদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। এখানে দুই আসনের প্যাডেল বোট ৩০ মিনিটের জন্য ১০০ টাকা ভাড়ায় পাওয়া যায়। স্পিডবোটের ভাড়া ৩০ মিনিটের জন্য ৫০০ টাকা, এই ভাড়ায় ১০-১২ জন একসাথে ভ্রমণ করতে পারেন।
২. শিশুদের জন্য কিডস জোন পার্কটিতে রয়েছে একটি সুপরিসর কিডস জোন। এখানে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন মজাদার সব রাইড ও খেলার সরঞ্জাম, যা শিশুরা খুব সহজেই উপভোগ করতে পারে। আপনার ফ্যামিলিকে সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য এটি অনন্য একটি জায়গা।
৩. গোলক ধাঁধা ও থ্রিডি ভিশন থিয়েটার পার্কটির অন্যতম মূল আকর্ষণীয় জিনিস হচ্ছে এর বিশাল প্রাকৃতিক ‘গোলক ধাঁধা’। সম্পূর্ণ সবুজ গাছপালা দিয়ে ঘেরা এই গোলক ধাঁধার ভেতরে বুদ্ধিমত্তা খাটিয়ে পথ খুঁজে বের করার অভিজ্ঞতা দারুণ রোমাঞ্চকর। এর ভেতরে দর্শনার্থীদের জন্য রয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো পরিবেশ ওপর থেকে দেখা যায়। এছাড়া এর ভেতরে দুটি বিশেষ আকর্ষণ রয়েছে একটি সাপ-লুডু খেলার কোট এবং অন্যটি দাবার কোট। পার্কটিতে গোলক ধাঁধার পাশাপাশি একটি থ্রিডি ভিশন থিয়েটারের ব্যবস্থাও আছে, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীরা বিনোদন উপভোগ করতে পারেন।
৪. উন্মুক্ত মঞ্চ ও জলপ্রপাত পার্কে রয়েছে একটি বিশাল আকারের উন্মুক্ত মঞ্চ এবং সাথে রয়েছে বড় গ্যালারি, যেখানে একসঙ্গে অনেক দর্শক বসে অনুষ্ঠান উপভোগ করতে পারেন। ছুটির দিনে বা বিশেষ কোনো দিনে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চের পাশেই একটি কৃত্রিম জলপ্রপাত রয়েছে। এছাড়া বিশেষ কোনো বড় সভা বা অনুষ্ঠানের জন্য পার্কের বড় ফাঁকা এরিয়াটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে।
জলসিড়ি পার্কে প্রবেশমূল্য ও সময়সূচী
এখানে প্রবেশ করতে প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য ২৩০ টাকা এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য ২০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিবন্ধী ও ৬ বছর পর্যন্ত শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ৬ দিন এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। মাঝে মাঝে বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য পুরো পার্ক বুকিং থাকতে পারে, তাই এখানে আসার পূর্বে ফোন করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো। অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট কাটতে ভিসিট করুন Jolshiri Central Park ওয়েবসাইটে।
যোগাযোগ জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা-১৪৬১ মোবাইলঃ 01769017639, 01925600900 Website | Facebook Page
কিভাবে যাবেন
রাজধানী ঢাকার যেকোনো স্থান থেকে ব্যক্তিগত গাড়ি থাকলে ৩০০ ফিট সড়ক দিয়ে খুব সহজেই জলসিড়ি সেন্ট্রাল পার্কে চলে আসা যায়। অথবা গুলশান নতুন বাজার মাদানী এভিনিউ হয়েও সহজে পার্কে পৌঁছানো সম্ভব।
এছাড়া গণপরিবহনে আসতে চাইলে কুড়িল বিশ্বরোড থেকে গাউছিয়াগামী বিআরটিসি বাসে উঠে জলসিঁড়ি স্টপেজে নামতে হবে (ভাড়া ৩০-৪০ টাকা)। সেখান থেকে রাস্তা পার হয়ে অটোরিকশায় করে সরাসরি পার্কে পৌঁছানো যায়। ব্যক্তিগত যানবাহন নিয়ে এলে পার্কের সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা।
কোথায় খাবেন
পার্কে বাইরে থেকে খাবার নিয়ে প্রবেশ করা যায় না। তবে সারাদিন ঘুরে ফিরে ক্ষুধা লাগলে পার্কের ভেতরেই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখানে দেশীয় ও চাইনিজ বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। তবে সাধারণ বাজারের তুলনায় এখানে খাবারের দাম কিছুটা বেশি মনে হতে পারে, দর্শনার্থীরা তাদের পছন্দ ও বাজেট অনুযায়ী খাবার বেছে নিতে পারেন।
জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের সকল উপাদানের সমন্বয়ে গঠিত। পার্কটি পরিবার-পরিজন নিয়ে একদিনে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান।