মাওয়া ফেরি ঘাট (Mawa Feri Ghat) পর্যটকদের জন্যে নদী ভ্রমণ এবং ইলিশ ভোজন এর জন্যে জনপ্রিয় একটি জায়গা। মাওয়া ফেরি ঘাটের পাড়ে রয়েছে বেশকিছু খাবার হোটেল। দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ঘাটে ছুটে আসেন। এখানকার মাছের বাজারে ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ পাওয়া যায়।
ঢাকার কাছে অবস্থান হওয়ায় চট করে পদ্মা পাড়ের এই মাওয়া ফেরি ঘাট হতে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায়। তাই একদিনের ভ্রমণ করার জায়গা হিশেবে অনেকের কাছে মাওয়া ঘাট অনেক জনপ্রিয় একটি স্থান। রুপালী জলের ঝিকিমিকি দেখতে দেখতে পাড় ধরে দূরে হেটে যাওয়া কিংবা পদ্মা পাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহল মুক্ত পরিবেশ আপনাকে আচ্ছন্ন করে রাখবে। নৌকায় ঘুরে দেখতে পারবেন পদ্মার বুকে সূর্যাস্তের দৃশ্য। তাছাড়া ধোঁয়া উঠা গরম ভাতের সাথে পদ্মার ইলিশের স্বাদ কি আর অন্য কিছুতে মেটানো সম্ভব! আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে পদ্মার বুকে ১৫০-২০০ টাকা ভাড়ায় স্পীড বোটে এপার থেকে ওপারে যেতে পারেন।
পদ্মা সেতু উদ্বোধনের পর মাওয়া ফেরি ঘাটের পুরনো কর্মচাঞ্চল্য (ফেরি পারাপার) কমে গেলেও এটি এখন পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত। বর্তমানে মাওয়া প্রান্ত থেকে সেতুর বিশালতা এবং রাতের আলোকসজ্জা দেখার জন্য পর্যটকদের ভিড় অনেক বেড়েছে। এছাড়া মাওয়া রেল স্টেশন চালু হওয়ায় যাতায়াতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
মাওয়া ঘাট যাওয়ার উপায়
ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ী থেকে বিআরটিসি, ইলিশ পরিবহন, বসুমতি পরিবহন, প্রচেষ্টা পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, ডি এম পরিবহন, আপন পরিবহন, হিমালয়, সময় ট্রান্সপোর্ট এর বাসে চড়ে সরাসরি মাওয়া ঘাটে যেতে পারবেন। এছাড়া মিরপুর ১০, ফার্মগেট, শাহবাগ থেকে ঢাকা মেট্রো ও স্বাধীন পরিবহণ মাওয়া ফেরি ঘাটের পথে যাত্রা করে। বর্তমানে ঢাকা (কমলাপুর) থেকে ট্রেনে করে সরাসরি মাওয়া স্টেশনে নেমে খুব সহজেই ঘাটে পৌঁছানো যায়।
কোথায় খাবেন
মাওয়া ঘাটেই রয়েছে অনেক খাবারের হোটেল। সব হোটেলেই ইলিশ ভাজা পাওয়া যায়। আপনি চাইলে নিজে দেখে শুনে ইলিশ কিনে নিয়ে ভেঁজে নিতে পারবেন। মাওয়া ঘাটে না খেয়ে চাইলে চলে যেতে পারেন পদ্মার ওপারে কাওড়াকান্দি বা জাজিরা ঘাটের কাছের হোটেলগুলোয়। খাবারের আরো স্বাদ বৃদ্ধির জন্য ভাতের সাথে ইলিশের ফেনা ওঠা গরম তেল আর শুকনা মরিচ মেখে নিতে পারেন। আধুনিক পরিবেশে খেতে চাইলে ‘প্রজেক্ট হিলসা’ বা পাশের বড় রেস্তোরাঁগুলোতে যেতে পারেন।
সাইজভেদে বর্তমানে ইলিশ ভাজা প্রতি পিসের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে (বাজারদর ও সিজন অনুযায়ী এটি পরিবর্তনশীল)।