নলজুরী (Noljuri), সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি গ্রাম। যদিও এটি নিজে একটি ছোট গ্রাম, তবে এর আশেপাশে বেশ কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থান রয়েছে। নলজুরী গ্রামের একটি বিশেষ আকর্ষণ হলো এর খেলার মাঠ। যা স্থানীয়ভাবে নলজুরি খাসিয়া হাওর খেলার মাঠ নামে পরিচিত। চারপাশে সবুজের মাঝে, পাহাড়ের কোল ঘেঁষে একটি খেলার মাঠ সারা দেশের পর্যটকদের মুগ্ধ করেছে এর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে। মাঠটির পেছনে রয়েছে পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য ও দুটি জলপ্রপাত, যা বর্ষাকালে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারের কারণে স্থানটি এখন আর গোপন কোনো জায়গা নয়, তা সত্ত্বেও এর প্রাকৃতিক সৌন্দর্য এখনো আগের মতোই অক্ষুণ্ণ রয়েছে।
⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা: এই স্থানটি ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে অবস্থিত। বর্ডার এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং ঝুঁকিপূর্ণ। ভারতীয় BSF সীমান্তের ওপার থেকে নজর রাখে, তাই যেকোনো ধরনের ড্রোন ফ্লাইট থেকে বিরত থাকুন। এমন কোনো কাজ করবেন না যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।
কিভাবে যাবেন
সিলেটের যেকোনো স্থান থেকে জাফলংগামী অটোরিকশা বা সিএনজি ভাড়া করে নলজুরি জেলা পরিষদ ডাকবাংলোর সামনে নামতে পারবেন। সিলেটের সোবহানঘাট বা আম্বরখানা থেকে লোকাল বাসে শিবগঞ্জ এসে জনপ্রতি ১০০ টাকা ভাড়ায় নলজুরি জেলা পরিষদ ডাকবাংলোর সামনে যাওয়া যায়। এছাড়া সিএনজি বা অটোরিকশা রিজার্ভ করে নিলে ভাড়া লাগে ১,২০০ থেকে ২,০০০ টাকা। ডাকবাংলো থেকে আবার অটোরিকশা বা সিএনজিতে সহজেই পৌঁছানো যায় নলজুরি খাসিয়া হাওর খেলার মাঠে। সিলেট যাওয়ার বিস্তারিত জানতে পড়ুন ঢাকা থেকে সিলেট যাওয়ার উপায় ব্লগটি ।
কোথায় থাকবেন
রাতে থাকতে চাইলে জৈন্তা হিল রিসোর্টে থাকতে পারবেন অথবা চলে যেতে পারেন জাফলংস্থ জেলা পরিষদের বাংলোয়। অবশ্য এই বাংলোতে থাকতে হলে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হবে। সাধারণত পর্যটকরা রাতে থাকার জন্য সিলেটেই ফিরে আসেন। লালা বাজার এলাকায় ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস আছে৷ যেখানে ৪০০ থেকে ২৫০০ টাকায় বিভিন্ন ধরণের রুম পাবেন। সিলেটের ভালো মানের হোটেলের বিস্তারিত পেয়ে যাবেন আমাদের সিলেটের হোটেল ও রিসোর্ট গাইড থেকে।
কোথায় খাবেন
সিলেট তামাবিল হাইওয়ে রোডের পাশে স্থানীয় বাজারে খাবারের দোকান পাবেন। ভালো খাবারের জন্যে নলজুরী খেলার মাঠের কাছেই জৈন্তা হিল রিসোর্টে প্রায় সকল ধরনের বাংলা খাবার পাওয়া যায়। এছাড়া জাফলং গিয়ে সেখানে খাবারের হোটেল পাবেন। কিংব সিলেট শহরের জিন্দাবাজার এলাকার পানসী, পাঁচ ভাই কিংবা পালকি রেস্টুরেন্টে সুলভ মূল্যে পছন্দমত দেশী খাবার খেতে পারবেন।