সিলেট মানেই সবুজ পাহাড়, টিলার ভাঁজে লুকিয়ে থাকা প্রকৃতির অপার সৌন্দর্য। চায়ের দেশের সেই নৈসর্গিক রূপকে অক্ষুণ্ন রেখে এবং আধুনিক নাগরিক জীবনের ক্লান্তি দূর করার এক চমৎকার ঠিকানা হলো ট্রি-টপ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফার্ম (Tree Top Adventure Farm)। যান্ত্রিক জীবন থেকে ক্ষণিকের বিরতি নিয়ে যারা প্রকৃতির সবুজ কোলে শ্বাস নিতে ভালোবাসেন, তাদের জন্য এটি যেন এক স্বপ্নের ভুবন।
সিলেটের খাদিমনগর ইউনিয়নের লিলাপাড়া এলাকায় প্রায় ২৮ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে এই পরিবেশবান্ধব ফার্ম। লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মইনুল ইসলামের বাবার পরিবেশপ্রীতির অনুপ্রেরণায় ২০১৯ সালের শুরুতে এই উদ্যোগ নেওয়া হয়। মজার বিষয় হলো, শুরুতে এটি কোনো ব্যবসায়িক রিসোর্ট না হলেও পরবর্তীতে ভ্রমণপিপাসু ও দর্শনার্থীদের জন্য রিসোর্ট সেবা দিয়ে আসছে।
কী দেখবেন ট্রি-টপ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফার্মে
প্রকৃতির সঙ্গে অ্যাডভেঞ্চারের এক অসাধারণ সমন্বয় ঘটেছে এই ফার্মে। প্রায় ১০০ ফুট উচ্চতার পাহাড়-টিলার ঢাল ধরে এখানে লাগানো হয়েছে প্রায় ১০ হাজারেরও বেশি ঔষধি, বনজ ও ফলজ গাছ। এর মধ্যে গ্র্যাভিওলার মতো বিরলপ্রজাতির ২০টি গাছও রয়েছে।
ট্রি-টপ অ্যাডভেঞ্চার এর মুল আকর্ষণ
ঝুলন্ত ব্রিজ ও পুকুরঃ একটি বড় পুকুর এবং পুকুরের মাঝে থাকা ছোট একটি দ্বীপে যাওয়ার জন্য রয়েছে দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজ কাপ্তাই এর পর দ্বিতীয় দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ।
জিপলাইনঃ রোমাঞ্চপ্রিয়দের জন্য রয়েছে প্রায় ৩২৫ ফুট দীর্ঘ জিপলাইন। পুকুরের ওপর দিয়ে এই জিপলাইনে রাইড করার অভিজ্ঞতা নিতে পারবেন।
ট্রি-টপস ও খেলাধুলাঃ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কথা মাথায় রেখে এখানে তৈরি করা হয়েছে ট্রি-টপস সহ নানা ধরনের খেলাধুলা ও ক্যাম্পিং করার ব্যবস্থা।
এছারাও ফার্মটিতে রয়েছে বাঁশের গ্যালারি, হাওয়াখানা, চারটি কটেজ, একটি ট্রি-হাউস, একটি বাংলো বাড়ি এবং একটি উন্মুক্ত অডিটোরিয়াম। এছাড়া রয়েছে হর্স রাইডিং এর ব্যবস্থা।
কোথায় থাকবেন
এইখানে ঘুরতে এসে যদি কেউ রাতে থাকতে চান তাহলে এখানে রাতে থাকার জন্য রয়েছে আকর্ষণীয় ডিজাইনের কটেজ ও বাংলো। রাতের পূর্ণিমা, পাহাড় ও প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করার এক দারুণ সুযোগ পাবেন এখানে।
যোগাযোগ ট্রি টপ অ্যাডভেঞ্চার ফার্ম জামশেদ আলী টিলা, লীলাপাড়া, দুপাগুল, সিলেট – ৩১০০ মোবাইলঃ 01711-975210 ইমেইলঃ treetopbd@gmail.com Website | Facebook Page
কীভাবে যাবেন
সিলেট শহর থেকে ট্রি-টপ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফার্মের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। এটি সিলেট শহরতলির খাদিমনগর ইউনিয়নের লিলাপাড়া এলাকায় অবস্থিত। সিলেট শহর থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস অথবা সিএনজিচালিত অটোরিকশায় মাত্র ২০ মিনিটে পৌঁছানো যায়।